এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :অলিম্পিক ফুটবলে পুরুষ বিভাগে স্বাগতিক ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনা না পারলেও নারী ফুটবলে ফ্রান্সকে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা। আর তাতেই অলিম্পিকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে সেলেসাওদের। ব্রাজিলের সঙ্গে সেমিতে পা রেখেছে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। গতকাল নঁ’তে মেয়েদের শেষ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও হার দেখতে হয়েছে ফ্রান্সকে। লক্ষ্যে তারা তিনটি শট রাখলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা দ্য সিলভা বাধার দেয়াল গড়ে তোলেন। তিনটি সেভে ফ্রান্সকে হতাশ করেন লোরেনা। এর মধ্যে ১২ মিনিটে পেনাল্টি এরিয়ায় তারসিয়ানে ফাউল করলে গোলের সুবর্ণ সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু সাকিনা কারচাওইর বাঁ পায়ের নিচু কোনাকুনি শট রুখে দেন ব্রাজিল গোলরক্ষক। এরপর ৩৯ মিনিটে গ্রিজ এমবক ব্যাথির নেওয়া একটি হেডও চলে যায় গোলবারের পাশ দিয়ে। গ্রæপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে লালকার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা মার্তা। যে কারণে ফরাসিদের বিপক্ষে শেষ আটে নিষিদ্ধ ছিলেন এই ফরোয়ার্ড। তবে ব্রাজিল জয় পাওয়ায় অলিম্পিকের শেষ চারে খেলার সুযোগ পাচ্ছেন ৬ বারের বর্ষসেরা এই নারী ফুটবলার। ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেও এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে অলিম্পিক কিংবা নারী বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি মার্তার। অলিম্পিক ফুটবলে দুইবার শিরোপার কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে রৌপ্য জিতেছিল ব্রাজিল। মেয়েদের ফুটবলে এই প্রথম ফ্রান্সকে হারালো ব্রাজিল।
এদিকে লিওঁতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। কলম্বিয়া অঘটনের আভাস দিলেও পারেনি। খেলার ১২ ও ৫২ মিনিটের দুই গোলে এগিয়ে ছিলো কলম্বিয়া। এরপর দারুনভাবে ঘুরে দাড়ায় স্প্যানিশ মেয়েরা। ৭৯ মিনিটে প্রথম আর ইনজুরি সময়ের সপ্তম মিনিটের গোলে সমতায় ফেরে স্পেন। নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতায় থেকে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোল পায়নি কোনো দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জিতে শেষ চার নিশ্চিত করে স্পেন। প্যারিসে প্রথম কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল পায়নি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগকরা সময়ের দ্বিতীয় মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন ট্রিনিটি রডম্যান। আর তাতেই জাপানের স্বপ্ন শেষ হয়ে যায়। মার্শেইয়ে আরেক কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কানাডাকে হারাতে ঘাম ঝরিয়েছে জার্মানি। তারা কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছে টাইব্রেকারে জিতে। নির্ধারিত সময় আর ইনজুরি সময়ের খেলা শেষে টাইব্রেকারে কানাডাকে ৪-২ গোলে হারিয়েছে জার্মান মেয়েরা। মঙ্গলবার লিও’র গ্রæপামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় প্রথম সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। একই দিন রাত একটায় মার্শেইয়ের অরেঞ্জ ভোলোড্রম স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল।

সূত্র -দৈনিক ইনকিলাব