এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস রসিকতা করে বলেন, "আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়ব?"

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে এ প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “কেন হবে না? যদি তিনি অপরাধ করে থাকেন, তাহলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত।”

নির্বাচনের প্রসঙ্গে ড. ইউনূস আরও বলেন, “বাংলাদেশে কবে নির্বাচন হবে, সে বিষয়ে আমার কাছে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনে কিছু সংস্কারের সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। এরপর একটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।”

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ সম্মেলনে তিনি বলেন, যতদিন বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা চলবে, ততদিন জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না।