এইমাত্র পাওয়া সংবাদ প্রতিবেদন :ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির শাসনভার সাময়িকভাবে যুক্তরাষ্ট্র গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব যুক্তরাষ্ট্র পরিচালনা করবে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান চালায়। ওই অভিযানে দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। মাদুরো সরকারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে চাপ প্রয়োগ করে আসছিল ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ এবং ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের অভিযোগে নৌযানে প্রাণঘাতী হামলার ঘটনাও রয়েছে, যা আন্তর্জাতিক মহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা বামপন্থি নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের দখল নিতে যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাতের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে। তারা দেশটির ধ্বংসপ্রাপ্ত তেল অবকাঠামো মেরামত করবে এবং রাজস্ব আয়ের পথ সৃষ্টি করবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তার প্রশাসনের এই পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন ও নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মাদক সংশ্লিষ্ট অভিযোগের মুখোমুখি করতেই মাদুরোকে আটক করা হয়েছে। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের হেফাজতে নিয়ে নিউইয়র্কে স্থানান্তর করা হচ্ছে, যেখানে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম পরিচালিত হবে।